জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
কোরবানির ঈদের আগমুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক তিন ঘটনায় দুই গৃহবধূ ও এক যুবকের আত্মহত্যার ঘটনায় তিনটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক কলহ, অভিমান ও মানসিক সমস্যাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।বুধবার (২৭ মে) রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নসিংসার গ্রামের সালমা বেগম (৩০) কীটনাশক ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হন। তিনি হোসেন মিয়ার মেয়ে এবং জেলা শহরের মেড্ডা পীরবাড়ি আরামবাগ এলাকার ইমরানের স্ত্রী। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।একইদিন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার (২৫) পারিবারিক অশান্তির জেরে কেরির ট্যাবলেট সেবন করেন। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকুরা গ্রামের বসির মিয়ার মেয়ে ও সৌদি প্রবাসী নবী মিয়ার স্ত্রী। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অন্যদিকে মঙ্গলবার (২৬ মে) বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের আলাই মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২) নিজ ঘরে গলায় ফাঁস দেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জনক ছিলেন। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।পুলিশ জানায়, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।