ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সদর মডেল থানা এলাকায় পরিচালিত অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ করে।র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের পাশে ফেলে রাখা কয়েকটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নীতি বাস্তবায়নে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *