মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ জনের
কারাদণ্ড ও অর্থদণ্ড
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে ৪ জুন ২০২৬ তারিখে জেলার সদর উপজেলার বেউথাঘাট ও আন্ধারমানিক এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২টি পৃথক মোবাইল কোর্ট মামলায় ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. আশরাফুল ইসলাম (৩০), পিতা: মো. নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানা লোহাকুছি, মিঠাপুকুর, রংপুর; বর্তমানে বেউথা, মানিকগঞ্জে বসবাসরত। অপরজন মো. শহিদুল খান (৬০), পিতা: মৃত আব্দুল আজিজ খান, গ্রাম: আন্ধারমানিক, থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহল মনে করছে, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।