মাদকাসক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে হত্যার অভিযোগ উঠেছে।নিহত মাহমুদা বেগম উপজেলার আকানগর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে ও প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী। বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই আক্তার হোসেন পলাতক রয়েছেন।পুলিশ ও নিহতের পরিবার জানায়, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের লোকজনদের সঙ্গে উত্তেজিত আচরণ করত। সম্প্রতি সে একটি মামলায় জেল থেকে জামিনে বের হয়ে আসে। জেল থেকে এসে সে বিভিন্ন সময় নেশার টাকার জন্য বড় বোন মাহমুদা বেগমসহ পরিবারের লোকজনদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করত।শুক্রবারও টাকার জন্য আক্তার হোসেন তার মা ও বড় বোনকে মেরে ফেলার হুমকি দেয়।পরে শনিবার সকালে পরিবারের লোকজন মাহমুদার বাড়িতে গিয়ে তাকে নিহত অবস্থায় দেখতে পায়। নিহতের পরিবারের অভিযোগ, আক্তার হোসেন তার বোনকে হত্যা করে পালিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আক্তার হোসেনকে নেশা করতে টাকা না দেওয়ায় সে তার বড় বোনকে হত্যা করেছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *