ফুলপুরে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড না পেয়ে সাংবাদিকদের মানববন্ধন

মো.ফজলুল হক নয়ন.

ফুলপুর উপজেলায় একাধিক সাংবাদিক আবেদন করার পরও নির্বাচন পর্যবেক্ষণ কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকদের একাংশ। এ ঘটনার প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, ফুলপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক নিয়ম মেনে নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের জন্য আবেদন করলেও তাদের আবেদন মঞ্জুর করা হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে অফিসের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী জানান, “এটা আমাদের হাতে নেই। আমরা আপনাদের আবেদন কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি। কেন কার্ড মঞ্জুর করা হয়নি, তা আমরা বলতে পারছি না। এ বিষয়ে জেলা অফিসে যোগাযোগ করতে হবে।”এই অনিশ্চিত জবাবে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে তারা মানববন্ধনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সকল যোগ্য সাংবাদিককে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। সেখানে সাংবাদিকদের পর্যবেক্ষণ ও উপস্থিতি গণতন্ত্রের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। অথচ কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই অনেক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে, যা হতাশাজনক।এদিকে জানা গেছে, ফুলপুর উপজেলা থেকে মোট ৮ জন সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে। অপরদিকে পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা থেকে ৬ জন সাংবাদিককে একই ধরনের কার্ড প্রদান করা হয়েছে।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং বৈষম্য দূর করে সকল যোগ্য সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *