ঠাকুরগাঁও-৩ এ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা

ঠাকুরগাঁও-৩ এ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি-জামাতয়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মিজানুর রহমান মাস্টার। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও সেক্রেটারী আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক রফিকুল আলম ও সেক্রেটারী খলিলুর রহমান, পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহাম্মেদ, রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামসহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও জোট নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দানের পর মিজানুর রহমান মাস্টার বলেন, আল্লাহ্ যদি আমাদের সরকার গঠন করার তৌফিক দান করেন তবে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ্। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে ১২ দল মিলে জোটও গঠন করেছি। সবার লক্ষ একটাই জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, কৃষিভিত্তিক সমাজ বিনির্মাণ, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ ও সামগ্রিক উন্নয়নসহ সর্বোপরি বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন।

এদিকে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটারনিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়াসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দানের পর তিনি বিএনপি’র নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু মনোনয়নপত্র জমা দিলেই এর কাজ শেষ নয় এখন আপনাদের আরোও বহুগুণে দায়িত্ব বেড়ে গেল। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, এমপিও ভুক্তির বিষয়ে কাজ করবো। একই সাথে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

এছাড়াও পীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) মনোনীত সংসদ সদস্যপ্রার্থী কমলাকান্ত রায়।

মোঃ মোস্তাফিজুর রহমান
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *