জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া.
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটির বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু হয়েছে। এ ছাড়া গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা আরেকটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।ইউনিটগুলোর উৎপাদন শুরু হয় বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। এতে গ্রিড লাইনের সঙ্গে যুক্ত বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়।পরে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি দল ইউনিট দুটি চালু করতে কাজ শুরু করে। ত্রুটি সারানোর পর প্রায় পৌনে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ৮টা থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, ইতোমধ্যে ৪৫০ মেগাওয়াটের নর্থ ইউনিটটি চালু করা হয়েছে। তবে ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটটি চালু করতে অন্তত তিন দিন সময় লাগবে।এ অবস্থায় ইস্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।