গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন শরীফ রফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার:মোঃচানমিয়া শিকদার.

৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ভয়াবহ অস্থির পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দেশের সার্বিক উন্নয়ন ও চলমান অগ্রগতি কিছুটা স্থবির হয়ে পড়ে। তবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন কার্যক্রম ও অগ্রযাত্রা আবারও গতিশীল হয়েছে।এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশের ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছে। সেই প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। তিনি গত ১৫ মার্চ ২০২৬ তারিখে নিয়োগপত্র গ্রহণ করেন।মুক্তিযুদ্ধের চেতনা টিভির সঙ্গে ফোনালাপে এক বিশেষ সাক্ষাৎকারে শরীফ রফিকুজ্জামান বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে তিনি কাজ করতে চান। তিনি বলেন, “জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি নিয়োগ পেয়েছি। এই জেলা পরিষদের আওতায় জনগণের যে প্রাপ্য রয়েছে, তা নিশ্চিত করা আমার দায়িত্ব। জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, যা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য বরাদ্দ করা হয়। এসব সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”তিনি আরও বলেন, অনেক মানুষই জানেন না জেলা পরিষদ থেকে কী ধরনের সুযোগ-সুবিধা সরকার দিয়ে থাকে। জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মহাসড়কের পাশে যাত্রী ছাউনি নির্মাণ, ইউনিয়নজুড়ে পুকুর ও খালে ঘাটলা নির্মাণ, ইউনিয়নভিত্তিক টিউবওয়েল বিতরণ, জেলা ও উপজেলা শহরে পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার বিস্তারের জন্য শিক্ষা বৃত্তি প্রদান, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের বিবাহে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব।এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে শিক্ষা ব্যবস্থার প্রসার, ভবন নির্মাণ, ইউনিয়নভিত্তিক রাস্তাঘাটের উন্নয়নসহ আরও নানা বিষয় চিহ্নিত করে জেলা পরিষদের আওতায় এনে জনগণের সেবা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।শরীফ রফিকুজ্জামান বলেন, তারুণ্যের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এই নিয়োগের মাধ্যমে দেশের জনগণের জন্য সেবার একটি বড় ক্ষেত্র উন্মুক্ত করেছে।সদ্য নিয়োগপ্রাপ্ত এই জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *