কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার শাহ ফকির বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি চৌকস টিম অভিযানের সময় জিয়াবুল করিমকে হাতেনাতে আটক করে এবং তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত জিয়াবুল হক প্রকাশ করিম পশ্চিম গজালিয়া, ৮ নম্বর ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা।পুলিশ সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৩ সালের ১৪ আগস্ট ঈদগাঁও থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর।”মাদকমুক্ত ঈদগাঁও গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।