ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে পাঁচ মৃত্যু: গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সড়কে ঝরল প্রাণ।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাইলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে দুই গৃহবধূ ও এক বৃদ্ধের আত্মহত্যা এবং শহরে অটোরিকশার ধাক্কায় এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের উত্তরপাড়ায় মোছাঃ কুলসুম আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
একই দিনে জেলার আখাউড়া, আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় আরও তিনটি মৃত্যুর ঘটনা ঘটে। আখাউড়ায় পারিবারিক কলহের জেরে সাবেকুর নাহার (২৩) নামের এক গৃহবধূ কীটনাশক সেবন করে মারা যান। আশুগঞ্জে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে নাছিমা বেগম (৪৫) নামে আরেক গৃহবধূ কীটনাশক সেবন করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে আনিছ মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী স্টেডিয়ামের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোকর্ণঘাট এলাকার বাসিন্দা এবং একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পুলিশ জানিয়েছে, সবগুলো ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।