যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত: সরাইল-লাখাই-হবিগঞ্জ সড়কের জন্য ৬১৮ কোটি টাকা বরাদ্দ”
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নয়নের পথে এগোচ্ছে সরাইল,নাসিরনগর,লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চার লেন প্রকল্প। সড়কটি উন্নয়নে সরকার ৬১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে সরাইল, নাসিরনগর, লাখাই ও হবিগঞ্জ সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি ঢাকা,সিলেট যাতায়াতে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, লাখাই, নাসিরনগর সীমান্তে বলভদ্র নদীর সেতু থেকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৬১৮ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে নানা জটিলতায় প্রকল্পটি কয়েক দফা আটকে যায়। এমনকি বাতিলের প্রস্তাবও উঠেছিল। তবে স্থানীয়দের আন্দোলন ও দাবির পর প্রকল্পটি পুনরায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা জানান, চার লেন সড়ক চালু হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেন, নির্বাচনের পর সড়কটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে নেওয়া হয়। অবশেষে কাজটি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমানে সড়কটির প্রস্থ কম হওয়ায় যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন। উন্নয়ন কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।