আশুগঞ্জে রক্তের দাগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ॥ এলাকায় উত্তেজনা
মুক্তিযুদ্ধের চেতনা টিভির
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া দোকানের সামনে রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি গোষ্ঠী ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কোরবানির পশুর চামড়া রাখেন। এতে চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ জানান। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এর জের ধরে রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।