ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতের পর রক্তক্ষয়ী সংঘর্ষ
মুক্তিযুদ্ধের চেতনা টিভির
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের টাকায় কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে ইছাপুর গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।