জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মো:আজহার হোসেন.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। (২৫ মে) জেলা প্রশাসনের উদ্যোগে কবির স্ত্রী প্রমীলা দেবী-র জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় কবি নজরুল ও প্রমীলা দেবীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার। পরে আলোচনা সভা, প্রামাণ্যচিত্রভিত্তিক কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত পরিবেশন করা হয়।আলোচনা সভায় বক্তব্য দেন শিবালয় থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান, নজরুল গবেষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নাফ খান, মিয়াজান কবির, মুসলেম উদ্দিন খান মজলিস, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান ও শামছুল হক প্রমুখ।বক্তারা বলেন, বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় কাজী নজরুল ইসলাম আজও অনুপ্রেরণার প্রতীক। জাতীয় কবির স্মৃতিবিজড়িত শিবালয়ের তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র ও একটি মিউজিয়াম নির্মাণ এখন সময়ের দাবি। তারা বিদ্রোহী কবির জন্মজয়ন্তী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান।কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরৎ চন্দ্র হলদার ও কাজী আরিফ।বিকেলে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ‘বিদ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব জাকির হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের স্ত্রী শায়লা কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা। দিনব্যাপী এ আয়োজন ঘিরে তেওতা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *