পারিবারিক দ্বন্দ্বে ঝরল প্রাণ, ৬ দিন পর র‍্যাবের জালে ঘাতক

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। নিহত ব্যক্তি টিকিট মিয়া ওরফে “জাহানারা বেগম” নামে পরিচিত ছিলেন।র‍্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন টিকিট মিয়া।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনার পর নিহতের স্বজনরা নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *