জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী একটি বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।রোববার (৩ মে) জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে “ইতিহাস ও ঐতিহ্য পরিষদ”-এর উদ্যোগে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, সত্যজিৎ রায় মানুষের মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করে তা চলচ্চিত্রে অনন্যভাবে তুলে ধরেছেন। তিনি তাকে মানুষের “মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতার চিকিৎসক” হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বও তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও উন্নয়ন অংশীদারিত্ব) নারপাত সিং। তিনি বলেন, সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন লেখক, ইলাস্ট্রেটর ও সংগীত পরিচালকও। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’র মাধ্যমে তিনি বিশ্ব চলচ্চিত্রে বাস্তবধর্মী ধারার সূচনা করেন বলেও উল্লেখ করেন তিনি।নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ বলেন, সত্যজিৎ রায়ের প্রতিটি ফ্রেম ও শট ছিল সুপরিকল্পিত এবং ক্যামেরা ব্যবহারে তার দক্ষতা ছিল অসাধারণ। তিনি তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি হিসেবে অভিহিত করেন।উৎসবের অংশ হিসেবে চারুকলা বিভাগের সহযোগিতায় একটি আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা সত্যজিৎ রায়ের জীবন ও কর্ম নিয়ে চিত্রাঙ্কনে অংশ নেন। এছাড়া সন্ধ্যায় প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল একটি বিশেষ মাস্টার ক্লাস পরিচালনা করেন।দুই দিনব্যাপী এই উৎসব সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।