এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার.
কুমিল্লা টাউন হল মাঠে সম্প্রতি “সম্ভাবনাময় বাংলাদেশ” এর উদ্যোগে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সামাজিক ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সম্ভাবনাময় বাংলাদেশের নির্বাহী মো. মেহেদী হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী ড. এম এম শরীফুল করীম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক এবং সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা আবিদুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিন বিশ্বাস এশা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুসরাত চৌধুরী জাফরিন। অনুষ্ঠানে জুলাই যুদ্ধে শহীদ সাদমানের মা শারমীন চৌধুরী এবং কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস বেগম বক্তব্য রাখেন।অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। তাঁকে জুলাই যোদ্ধারা তরুণদের উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন করেন। মনিরুল হক চৌধুরী নির্বাচিত হলে তরুণদের জন্য কাজ করার অঙ্গীকার করেন।সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী ড. এম এম শরীফুল করীম বলেন, “তরুণদের আমরা ভালোবাসি। ওদের জন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই লক্ষ্যেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।”উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের উদ্দীপনা, দেশের প্রতি গভীর মমত্ববোধ এবং সত্যের পক্ষে দাঁড়ানোর মনোভাব আগামী বাংলাদেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।