মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা বলে স্বজনরা জানিয়েছেন।রোববার রাতে দেশে অবস্থানরত সালেখের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তিনি গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সালেখ উদ্দিন প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানির গাড়ি চালকের কাজ করতেন।গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নিয়মিত কাজের সময় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখ উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।