জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সিএনজিটি শহরের পীরবাড়ী এলাকা থেকে জব্দ করে।পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল গভীর রাতে সদর উপজেলার সুলতানপুর-কাউতলী হাইওয়ে সড়কের ভাদুঘর-রামরাইল ব্রিজের পশ্চিম পাশে সিএনজি চালককে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগী মোঃ আব্দুল হাকিম সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।অভিযানের অংশ হিসেবে ২১ মে রাতে ভাদুঘর এলাকা থেকে সন্দেহভাজন আব্দুল্লাহ ওরফে সাহস মিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে পায়েল পাঠান, ইয়াছিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে সিএনজিটি ছিনতাইয়ের পর বিক্রি করে দেয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের পীরবাড়ী এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।