জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হয়ে খুন হয়েছেন জাহানারা বেগম। ঘটনার পর সিএনজির পেছনে লেখা, মা বাবার দোয়া আয়াত পরিবহন , সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত।পুলিশ জানায়, গত ১৪ মে দুপুরে সদর উপজেলার কুমারশীল মোড় থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন জাহানারা বেগম। পথে সংঘবদ্ধ একটি চক্র তাকে বহনকারী সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা চালায়। তিনি বাধা দিলে ও চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা সিএনজির ভেতরেই তাকে ছুরিকাঘাত করে। পরে অষ্টগ্রাম এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ছেলে জুবায়েদুর রহমান খান ইমন সদর থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, মা বাবার দোয়া আয়াত পরিবহন, লেখা একটি সিএনজিকে শনাক্ত করা হয়। পরে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সিএনজিচালক মোঃ বাদশাহকে আটক করে পুলিশ।তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর পৈরতলা এলাকা থেকে শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়। পরে সুলতানপুর এলাকা থেকে রিমা আক্তারকে আটক করে নিহতের পোশাক ও জুতা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি জোবায়ের হোসেন ওরফে হৃদয়ের রক্তমাখা জিন্স প্যান্টও জব্দ করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় জাহানারা বেগমকে হত্যা করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।