জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্ত্রীর নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। (২৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোছা. জায়েদা খাতুন (৫৫) একই এলাকার বাসিন্দা এবং আটক আবু সাঈদের স্ত্রী।পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, আবু সাঈদের সঙ্গে পাশের দামচাইল এলাকার নোয়াব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনায় নিজ স্ত্রীকে ঘুমের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। পরে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য মরদেহ বাড়ির পাশের জমিতে ফেলে রাখা হয়।পরদিন সকালে আবু সাঈদ নিজেই সদর মডেল থানায় গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে পুলিশের সন্দেহ হয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানায়, নিহতের বুকে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে।এ ঘটনায় আবু সাঈদকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।