স্টাফ রিপোর্টার, নড়াইল.
নড়াইল জেলার নড়াগাতী থানার অন্তর্গত পহরডাঙ্গা ইউনিয়ন-এর সরসপুর এলাকায় কালিয়া-গোপালগঞ্জ মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কটির অধিকাংশ অংশ গত ডিসেম্বর মাসে সংস্কার করা হলেও সরসপুর মধুমতি আদর্শ বিদ্যালয়ের পশ্চিম কর্নার থেকে শুরু করে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের অংশ পর্যন্ত প্রায় উল্লেখযোগ্য একটি অংশ মেরামতের বাইরে রয়ে গেছে। ফলে ওই অংশটি বর্তমানে বড় বড় গর্ত ও খানাখন্দে পরিণত হয়ে চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিবারই সময়ক্ষেপণ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে এবং সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।