মুবিনুল হুদা চৌধুরী সোহাইল.
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সভাপতিসহ চারটি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মন্নান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং সদস্য পদে আজিজুল করিম। মোট চারজন জয়লাভ করেছেন।অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ মোট ছয়জন নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতার আহমদ হেলালী, সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী ও নেজামুল হক এবং সদস্য পদে এস এম জসিম জয়লাভ করেছেন।সবচেয়ে বেশি পদে নির্বাচিত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল। এ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদকসহ মোট সাতজন জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য পদে জিয়াউদ্দিন আহমেদ ও ইকবালুর রশিদ আমিন এবং সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়া—এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।