শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.
গাজীপুর মহানগরের ৫১নং ওয়ার্ডের খরতৈল সুপার মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনই এখানে ময়লা ফেলা হচ্ছে। ফলে পথচারী, দোকানদার ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এ সময় উপস্থিত ছিলেন ৫১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ মোঃ সজীব খান। তিনি এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। নির্বাচিত হলে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবেন বলেও আশ্বাস দেন।মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানান। এলাকাবাসী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।