এ জে সোহেল, স্টাফ রিপোর্টার.
কুমিল্লায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনী কৌশল, দলীয় সিদ্ধান্ত ও সমর্থন ঘোষণার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন।মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন এবং খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল)।কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম।কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন।কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। একই আসনে এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক মনোনয়ন প্রত্যাহার করেন।কুমিল্লা-৭ আসনে জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন।কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন।কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন।বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে ব্যাপক পরিবর্তন আসবে এবং নির্বাচনী লড়াই আরও স্পষ্ট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।