মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.
মানিকগঞ্জে সাধক সৈয়দ কালু শাহ ফকিরের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর একক সঙ্গীতানুষ্ঠান। বিশিষ্ট কণ্ঠশিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিনের কণ্ঠে পরিবেশিত এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতন।রবিবার (২৪ মে ২০২৬) রাত ৮টায় মানিকগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় অনুষ্ঠিত এ সংগীতানুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উপস্থিত হন অসংখ্য সংগীতপ্রেমী শ্রোতা ও শিল্পীবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে বশির উদ্দিন মাস্টারের কণ্ঠে সাধক সৈয়দ কালু শাহ ফকিরের স্মরণে পরিবেশিত গান মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।অনুষ্ঠানে তবলায় ছিলেন শ্যামল কর্মকার, বেহালায় ফরিদ হোসেন, দুতারায় শামসুল আলম, বাঁশিতে আবদুল আজিজ, মন্দিরায় সিবেন চক্রবর্তী এবং ডোলে ছিলেন হাবিব খান। এছাড়া সহযোগিতায় ছিলেন কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন কমল আহমেদ কমল।রাত ১১টা পর্যন্ত চলা এ আয়োজনে উপস্থিত ছিলেন স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীবৃন্দসহ নানা শ্রেণি-পেশার সংগীতপ্রেমী মানুষ। পুরো অনুষ্ঠানস্থল সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে।