আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, স্টাফ রিপোর্টার. নিজের লোকজনকে ঠিকাদারি কাজের অংশীদার না করার কারণে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাঈদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে স্টেশনে গিয়ে কাজ বন্ধ করতে বলেছেন তিনি। তাই শনিবার কাজ করতে পারেননি ঠিকাদার। কাজ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার বলেছেন, ‘কার ঘাড়ে কয়টা মাথা? এমপি নিষেধ করে গেছেন আর কাজ করব!’ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনের পুরনো কাঠের স্লিপার তুলে ফেলে নতুন করে কংক্রিটের স্লিপার ও পাথর বসানোর এই কাজটি পেয়েছে। মোট ৬৩০ মিটার রেললাইনে এই কাজটি হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন প্রায় তিন কোটি টাকার এ কাজটি করছেন। গত ২৭ এপ্রিল তারা কাজ শুরু করেছেন। ইতোমধ্যে পুরনো স্লিপার তুলে ফেলা হয়েছে।কাজের সাইট ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন স্থানীয় বাসিন্দা মো. ডাবলু। কাজ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বলেন, ‘আমি এসব বলতে যাব না ভাই। আমি বলতে গেলে খারাপ হয়ে যাব। আপনারা আপনাদের মতো খোঁজ নেন।’যোগাযোগ করা হলে ঠিকাদার আশরাফ উদ্দিন জানান, কাজ শুরুর পর থেকে বিএনপি ও যুবদলের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাদের প্রতিনিধির কাছে যান। তারা কাজের অংশীদার হতে চান। তা না হলে তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী কেনার প্রস্তাব দেন। কিন্তু তারা নিজেরাই সব করবেন বলে সব নির্মাণসামগ্রী কিনে ফেলেছেন। এসব দেখে তারা ক্ষুব্ধ হয়েছেন। কয়েকদিন আগে এমপি আবু সাঈদ চাঁদ তাঁকে ফোন করে বলেন, সাইট ম্যানেজার ডাবলু পালিয়ে বেড়াচ্ছেন। ডাবলু যেন তার সঙ্গে দেখা করেন। কিন্তু ডাবলু যাননি।আশরাফ জানান, শুক্রবার দিবাগত রাতে ট্রেনে চড়েই এমপি আবু সাঈদ চাঁদ ঢাকায় যান। এ জন্য রাত পৌনে ১২টার দিকে তিনি আড়ানী স্টেশনে যান। স্টেশনে গিয়ে তিনি ডাবলুকে খোঁজেন। ডাবলু গেলে তাঁকে আবু সাঈদ চাঁদ বলেন, এখন থেকে কাজ বন্ধ থাকবে। তিনি বিষয়টি দেখবেন। এরপর কাজ শুরু হবে। এ জন্য শনিবার কাজ বন্ধ রাখতে হয়েছে।ঠিকাদার আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে পুরনো লাইন তুলে ফেলেছি। আড়াই কোটি টাকা বিনিয়োগও করেছি। এখন তো কাউকে কাজের অংশীদার করার কিছু নাই। আমরা ঈদের আগে কাজটা শেষ করতে চাই। এখন বন্ধ করে দেওয়ায় কাজ শেষ করতে দেরি হয়ে যাবে। কিন্তু কার ঘাড়ে কয়টা মাথা যে এমপি নিষেধ করে গেছেন আর কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।