মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পূর্ব ছনকা (জজ মিয়ার পাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১১টার দিকে মোঃ জনি মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।ভুক্তভোগী জনি মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি।আগুনে একটি ফ্রিজ, টেলিভিশন, আলমারি, ওয়ারড্রব, মোবাইল ফোন, বিভিন্ন আসবাবপত্র, লেপ-তোষক, প্রয়োজনীয় কাপড় ও খাদ্যদ্রব্যসহ ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।স্থানীয়রা জানান, ওই একমাত্র বসতঘরেই জনি মিয়া তার স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সহায়তার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা জানান, ভুক্তভোগীর আবেদন পাওয়া গেলে সরকারি সহায়তা প্রদান করা হবে।এদিকে স্থানীয়রা দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।