ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
দীর্ঘ প্রায় ১৭ বছর ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম জনসম্মুখে খুব একটা দৃশ্যমান না থাকলেও, সাম্প্রতিক সময়ে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই মাঠে সক্রিয়তা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি—এমনটাই মনে করছেন স্থানীয়রা।এরই ধারাবাহিকতায় ০৯ এপ্রিল কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হয় মোবাইল কোর্ট। অভিযানে অতিরিক্ত শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে ১০টি অবৈধ হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রায় ২৫টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান প্রসিকিউশন পরিচালনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।স্থানীয়দের ভাষ্য, “এতদিন যেন চোখেই পড়েনি পরিবেশ অধিদপ্তরের তৎপরতা, তবে এখন হঠাৎ করেই দৃশ্যমান হচ্ছে অভিযান।” সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে পরিবেশ ভারসাম্য উন্নতি হবে।