মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর থেকে রুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।নিখোঁজ রুমির ৬ বছর বয়সী ছেলে রাহুল মায়ের জন্য অঝোরে কাঁদছে। পরিবারের সদস্যরা জানান, মায়ের কথা বলতে বলতে সে প্রায় খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, রুমি আক্তার স্বামী-সন্তান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজী নগর কসবা গ্রামে বসবাস করতেন। তার মা শিউলী আক্তার গত (৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করা হয়, ৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে রুমি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে পৌঁছে মাকে ফোনে বিষয়টি জানান। পরে বেলা আনুমানিক ১টার দিকে আবার যোগাযোগ করলে তিনি জানান, তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছেন এবং বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় রয়েছেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়িতে ফেরেননি।পরিবারের সদস্যরা জানান, রুমি আক্তার বাড়ি থেকে বের হওয়ার সময় নগদ প্রায় ১ লাখ টাকা, জমির দলিল, ব্যাংকের চেকবই এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। এতে পরিবারের সন্দেহ, কোনো অজ্ঞাত ব্যক্তি কৌশলে তাকে অপহরণ করে কোথাও আটকে রেখেছে।নিখোঁজ রুমির স্বামী মোঃ সোহেল হোসেন বলেন,“আমরা যেকোনো অবস্থায় রুমিকে ফিরে পেতে চাই। আমাদের ছেলে রাহুল সারাদিন মায়ের জন্য কান্না করছে। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত আমার স্ত্রীকে খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি।”পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কোনো সহৃদয় ব্যক্তি রুমি আক্তারের সন্ধান পেলে তার স্বামী মোঃ সোহেল হোসেনের মোবাইল নম্বর ০১৭৯৯-৩৯৬৭০২-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত রুমি আক্তারকে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।