মো:নুরুজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি.
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাইকে গ্রেফতার করা হয়েছে, যিনি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় একটি তাফসির মাহফিলে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শরিফা। পরে পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ব্যাপক তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।তদন্তের এক পর্যায়ে শরিফার দুলাভাইকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।