ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় চোরাচালানের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেবগ্রাম এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালান। অভিযানে একটি ফাঁকা বাড়ির ভেতর থেকে মোট ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শাড়িগুলো অবৈধভাবে ভারত থেকে এনে সেখানে গোপনে মজুদ করা হয়েছিল।রোববার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুলতানপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম। তিনি জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে এসব পণ্য দেশে প্রবেশ করানো হয়।এ ঘটনায় এখনো কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া শাড়িগুলো আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া স্থল শুল্ক স্টেশনে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।