র্যাবের অভিযানে মাদকসহ আটক দুই যুবক, থানায় সোপর্দ।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে।
রোববার (৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার শরিয়তনগর চরচারতলা এলাকার ফেরিঘাট ট্রাক মালিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল।
র্যাব জানায়, কয়েকজন ব্যক্তি ওই এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে ,এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের সোহান মিয়া (২৬) ও শাহাদৎ হোসেন জুবায়ের (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।