মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে “ভিআইপি লাইন” চালুর নামে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় দুই যুবক মোঃ রবিন হোসেন (পিতা: শামছুল ডাক্তার, গ্রাম: মিতোরা) ও মোঃ শাহিনুর (পিতা: জাহাঙ্গীর, গ্রাম: কাফাটিয়া) দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে একটি আলাদা “ভিআইপি লাইন” চালু করে প্রতি গাড়ি থেকে অতিরিক্ত ২০০ টাকা আদায় করে আসছিলেন। স্থানীয়দের দাবি, এই অর্থ আদায়ের কোনো বৈধতা নেই এবং এটি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।গত ২০ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের ভিডিও ধারণ করে তা অপব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয় বলেও জানা গেছে।পরবর্তীতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ধারণ করা ভিডিও বিকৃত করে তাতে অশালীন মন্তব্য ও ভুয়া ভয়েস সংযোজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা স্পষ্টতই মানহানির উদ্দেশ্যে করা হয়েছে।ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “তোমরা যা করার কর, আমরা আমাদের মতোই চলব।”এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চললেও প্রভাবশালীদের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।বর্তমানে ভুক্তভোগী সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা করছেন। এ ঘটনায় ইতোমধ্যে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।