ব্রাহ্মণবাড়িয়ায় হামের থাবায় প্রাণ গেল ৭ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের কন্যা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরে তার ডায়রিয়া শুরু হয় এবং ধীরে ধীরে শরীরে হামের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে শনিবার রাতে তার শ্বাসকষ্ট বাড়ে। শেষ পর্যন্ত বাসাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জানা গেছে, অমরাত আগে থেকেই কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিল। এর সঙ্গে হামের সংক্রমণ যুক্ত হওয়ায় তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়ে। অসুস্থতার সময় তার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছিলেন।এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় হামের সংক্রমণ বাড়ছে। বর্তমানে বিভিন্ন বয়সের অন্তত ৫১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। এর মধ্যে ৭ জনের শরীরে ইতোমধ্যে হাম শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *