মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই—তারা পুরো দেশের। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত না হলে দেশ কখনোই এগিয়ে যেতে পারে না।শনিবার (২৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নগর ভবনের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।আবদুস সালাম বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার একমাত্র দাবিদার হওয়া সত্ত্বেও তারা সব সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছেন।’ তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার পূর্ণ দায়িত্ব নেবে ডিএসসিসি। পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা, আবাসন ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিত করতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণ করেন ক্যাপ্টেন নুরুল হুদা (পিএসসি), নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, ইশতিয়াক আজীজ উলফাত এবং জয়নাল আবেদীনসহ আরও অনেকে।সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বেবি নাজনীন, ইথুন বাবু, রিজিয়া পারভীন, মৌসুমি চৌধুরী এবং শিবা শানুসহ প্রখ্যাত শিল্পীরা; পাশাপাশি ডিএসসিসি পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।