মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় হৃদয়বিদারক এক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বনপারিল গ্রামের বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা আনুমানিক (৯) বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে গলায় ওড়না বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে আতিকা’কে হত্যা করা হয়ে থাকতে পারে।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক পান্নু মিয়া (৪০) ও তার ভাই ফজলু মিয়া (৩০) নিহত হন। গুরুতর আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০), যাকে মানিকগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, শিশু আতিকা ও নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *