নিম্ন আয়ের মানুষের জন্য শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১০ মার্চ) সকাল পৌনে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।উদ্বোধনকে ঘিরে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি মাঠে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিশেষ করে কড়াইল বস্তি ও আশপাশের এলাকার হাজারো মানুষ ভোর থেকেই মাঠে জড়ো হন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নারী-পুরুষ খণ্ড খণ্ড মিছিল করে মাঠে প্রবেশ করেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো ভর্তুকি মূল্যে নিয়মিত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও শিক্ষা সহায়তাও দেওয়া হবে।প্রথম ধাপে ঢাকা মহানগরীসহ দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় এ কার্ড বিতরণ শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকজন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।সরকারের পক্ষ থেকে এ উদ্যোগকে দেশের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *