শেখ মফিজুর রহমান, স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে মঙ্গলবার রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/সি রোডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকের পেছনে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই ক্রেতারা লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহের অপেক্ষা করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কিতে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাকচালক স্থান পরিবর্তনের চেষ্টা করলে চলন্ত ট্রাকের পেছনে মরিয়া হয়ে ছুটতে থাকেন অনেক ক্রেতা। কেউ কেউ ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলেও পড়েন।এ সময় এক নারী চলন্ত ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।রমজানে নিত্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় টিসিবির বিক্রয় কার্যক্রমে এমন ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।