মো.মোস্তাফিজুর রহমান,(ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনায় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার শহরের লিচুতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাবেক নেতাদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাসে অংশ নেন।এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী, সাবেক ছাত্রনেতা সাগর ও কুরবান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেতারা জানান, তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ আনুষ্ঠানিকতা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার ও উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।এ কার্যক্রমের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। একপর্যায়ে আওয়ামী লীগের উদ্বোধনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের বরাত দিয়ে জানা যায়, বিষয়টি দুঃখজনক।স্থানীয় সচেতন মহল জানায়,অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের মতে, এ পরিস্থিতিতে এ ধরনের কার্যক্রম আয়োজন করা ঠিক হয়নি।