মোঃফজলুল হক নয়ন.
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ভোটার সংখ্যা ৫,৭১,৪৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২,৯১,০৯০ জন, পুরুষ ভোটার ২,৮০,৩৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।মাঠপর্যায়ে নির্বাচন উপলক্ষে সাতটি কেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা প্রায় ১৯,৬০০ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ৯,২০০ জন এবং পুরুষ ভোটার প্রায় ১০,৪০০ জন।বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পর্যবেক্ষণে দেখা যায়, প্রায় ৫৬.৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারগণ জানান।বিভিন্ন বয়সের ভোটারদের সঙ্গে কথা বলা হয় এবং কেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশের ভিডিওচিত্র ধারণ করা হয়। পরিদর্শনে কোথাও কোনো রাজনৈতিক দাঙ্গা বা হাঙ্গামার ঘটনা দেখা যায়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।তবে কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, ধানের শীষ, ঘোড়া ও রিকশা প্রতীকের এজেন্ট ছাড়া অন্যান্য প্রার্থীদের কোনো এজেন্ট উপস্থিত ছিলেন না। উপস্থিত এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য প্রার্থীরা এজেন্ট দেননি। তাদের দাবি, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং জাল ভোটের কোনো সম্ভাবনা বা ঘটনা নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম প্রতিটি কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না বা ভোটকেন্দ্রে কেউ বাধা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সাংবাদিকরাও কেন্দ্রের ভেতরে ঘুরে দেখেন এবং আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তারাও কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনার কথা জানাননি।উপজেলা নির্বাহী কর্মকর্তার কন্ট্রোলরুম থেকে সার্বিক তথ্য পরবর্তীতে জানানো হবে।