ভোট শুরুর পরও রামকানাই কেন্দ্রে এজেন্ট সংকট ।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রামকানাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি ছাড়া অন্য কোনো দলের পোলিং এজেন্টকে দেখা যায়নি। ভোট শুরুর প্রায় ৪৫ মিনিট পর, সকাল সোয়া ৮টার দিকে সাতটি বুথের মধ্যে অন্য দলগুলোর কোনো এজেন্ট উপস্থিত ছিলেন না।
কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেনকে কার্ড হাতে অপেক্ষা করতে দেখা যায়। তিনি জানান, প্রায় সাড়ে তিন হাজার ভোটারের জন্য কেন্দ্রে সাতটি বুথ স্থাপন করা হয়েছে।
একটি দলের সাতজন পোলিং এজেন্ট শুরুতেই উপস্থিত হন। তবে সকাল সোয়া ৮টা পর্যন্ত অন্য কোনো দলের এজেন্ট কেন্দ্রে আসেননি।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর সময় কিছু ভোটারের উপস্থিতি থাকলেও পরে ভোটার সংখ্যা কম দেখা যায়। সোয়া ৮টার দিকে একজন-দুজন করে ভোটার কেন্দ্রে আসতে দেখা গেছে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন।
ছয়টি আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ ৫৭৪টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (অতি ঝুঁকিপূর্ণ) ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে শ্রেণিবিন্যাস করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের কথা জানিয়েছে পুলিশ।