নগরকান্দায় মাদক ব্যবসার অভিযোগ: যুবসমাজ ধ্বংসের মুখে

স্টাফ রিপোর্টার.

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসার বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। পোড়াদিয়া, শ্রীরামদিয়া ও ভবুকদিয়া এলাকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, ডাংগী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের সৈয়দ আলী ফকিরের ছেলে আলা ফকিরের বিরুদ্ধে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, কিশোর-তরুণদের পাশাপাশি অল্প বয়সী শিক্ষার্থীদের কাছেও মাদক সরবরাহ করা হচ্ছে, যার ফলে আশপাশের কয়েকটি গ্রামের সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এছাড়া একই ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের হিরু শেখ (পিতা: লাল মিয়া শেখ) এবং ভবুকদিয়া পশ্চিম কান্দা গ্রামের সাগর (পিতা: রফিক)-এর বিরুদ্ধেও ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভবুকদিয়া গ্রামে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে শালা ও বোনজামাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বোনজামাই ইলিয়াস (পিতা: দুলাল) ধারালো অস্ত্র দিয়ে শালা সাঈদ (পিতা: দুলাল)-কে কুপিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, মাঝে মাঝে প্রশাসনের অভিযানে মাদক কারবারিরা আটক হলেও কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে মাদক নির্মূলে স্থায়ী কোনো ফল আসছে না বলে হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল।এলাকাবাসী দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন, যাতে নগরকান্দার যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *