সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানে থাকা ৬ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করে।
জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। উদ্ধার হওয়া মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত পথে মাদক ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ পণ্য দেশে প্রবেশ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আগের মতোই কঠোরভাবে দমনে অব্যাহত থাকবে।