টানা বৃষ্টিতে হাওরে ডুবলো পাকা ধান, সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

নাসিরনগরে ভারী বৃষ্টিতে তলিয়ে গেল শত শত বিঘার পাকা ধান, দুশ্চিন্তায় কৃষকউজান থেকে নেমে আসা ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ৫শ বিঘা জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। মাত্র তিন থেকে চার দিনের বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, অনেক কৃষক এখনো ধান কাটতে পারেননি। ইতোমধ্যে আধা-পাকা ও পাকা ধান পানির নিচে ডুবে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।মেদীর হাওরের আশুরাইল গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। এর মধ্যে মাত্র ২ বিঘার ধান তুলতে পেরেছেন। বাকি ৩ বিঘার ফসল টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। ধারদেনা করে চাষ করা এই ফসল নষ্ট হওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।গোয়ালনগর ইউনিয়নের কৃষক জাকির হোসেন বলেন, হাওরের অধিকাংশ জমির ধান এখনও কাটা হয়নি। শুরু থেকেই জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে ভুগছিলেন কৃষকরা। তার ওপর টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের সব জমি পানিতে তলিয়ে গেছে।এদিকে অতিবৃষ্টির কারণে উজানের পানি বাড়তে থাকায় হাওর এলাকার আরও অনেক জমির আধা-পাকা ধান ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন জানান, নাসিরনগরে মোট আবাদকৃত জমির প্রায় ৫০ শতাংশের ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক এখনও ধান তুলতে পারেননি। সাম্প্রতিক টানা বৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। কৃষকদের সহায়তায় নৌকা ব্যবহার করে ধান কাটার চেষ্টা চলছে।তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৪৯৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *