দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য নিয়মিত মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া একটি পদক্ষেপ।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে এই সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। সরকারের আশা, এর ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মর্যাদা আরও শক্তিশালী হবে।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত এই সম্মানী পাবেন। পাশাপাশি ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধার আওতায় আসছেন।আর্থিক রূপরেখা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক সম্মানী হিসেবে ১০,০০০ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন পাবেন ৩,০০০ টাকা এবং খাদেম পাবেন ২,000 টাকা।হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়গুলোর জন্য প্রতিমাসে ৮,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরে পুরোহিত ৫,০০০ টাকা ও সেবাইত ৩,000 টাকা পাবেন। বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫,০০০ টাকা ও উপাধ্যক্ষ ৩,000 টাকা পাবেন এবং খ্রিস্টান চার্চের পালক বা যাজক ৫,০০০ টাকা ও সহকারী যাজক ৩,000 টাকা পাবেন।জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।