জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ এক বিষয়. নৌকায় বসার জায়গা. নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নিয়েছে। এক যাত্রীর ঘুষিতে মোঃ হানিফ মিয়া (৪৫) নামে আরেক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।রোববার (২৬ এপ্রিল) উপজেলার বগডহর গ্রামের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, হানিফ মিয়া তার স্ত্রী সারবানু বেগমকে সঙ্গে নিয়ে আড়িয়ালের উদ্দেশ্যে নৌকায় ওঠেন। এ সময় অভিযুক্ত এলেম খা নারীদের জন্য নির্ধারিত স্থানে বসে ছিলেন। বিষয়টি নিয়ে হানিফ মিয়া আপত্তি জানালে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়।এক পর্যায়ে এলেম খা হানিফ মিয়ার বুকে জোরে ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের মৃত হারিজ মিয়ার ছেলে। তার চাচাতো ভাই মেহেদি হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনার পর থেকেই অভিযুক্ত এলেম খা পলাতক রয়েছেন। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।