ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুল ফিডিং কর্মসূচিকে ঘিরে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের নামে চালু হওয়া এই কর্মসূচির উদ্বোধনী দিনেই দেখা গেছে চরম অব্যবস্থাপনা—প্রতিশ্রুত পুষ্টিকর খাদ্যের তালিকায় থাকা ইউএইচটি দুধ ছাড়াই কার্যক্রম শুরু করা হয়েছে।উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৬টিতে একযোগে কর্মসূচি চালু হলেও, ১০টি বিদ্যালয়ের ২,২৩৬ জন শিক্ষার্থী উদ্বোধনের দিন থেকেই বাদ পড়ে। এতে পুরো কার্যক্রমের স্বচ্ছতা ও সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একটি বিদ্যালয়ে কেবল প্যাকেটজাত রুটি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। অথচ সরকারি পরিকল্পনায় ছিল বিস্কুট, ডিম, কলা ও দুধসহ পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য সরবরাহ।উপজেলা শিক্ষা কর্মকর্তার দাবি, দুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি। এমন পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি নাকি ইচ্ছাকৃত অবহেলা—তা নিয়ে জনমনে তৈরি হয়েছে সন্দেহ।স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, শিশুদের পুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করে দায়সারা কার্যক্রম চালানো হচ্ছে, যা এক ধরনের প্রতারণার শামিল। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।