জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা যে বাহিনীর পোশাকেই থাকুক না কেন—সবাই অপরাধী হিসেবে বিবেচিত হবে।সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্দোলনকারী ও সাধারণ জনগণের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে এবং প্রয়োজনে আরও মামলা নেওয়া হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে বলে তিনি জানান।জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে জানতে চান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিভাগীয় ব্যবস্থা নেবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই যোদ্ধাদের’ আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।এ সময় তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় যারা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে ক্ষতিগ্রস্ত হয়েছে—এটি তখনকার পরিস্থিতিতেই নিষ্পত্তি হয়েছে। তবে সরকার ‘জুলাই যোদ্ধাদের’ সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবি প্রসঙ্গে বলেন, এ ধরনের বিষয় বিচার করতে গেলে অতীতের নানা ঘটনাও সামনে আসবে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।