টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, সেবার অপেক্ষায় দীর্ঘ সারি

শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোডে অবস্থিত আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (৯ মার্চ) সকাল প্রায় ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সারি দেখা যায়।সরেজমিনে দেখা যায়, হাসপাতালের করিডোর, টিকিট কাউন্টার ও বহির্বিভাগের সামনে নারী-পুরুষ ও শিশু রোগীদের ভিড় জমে যায়। অনেকেই সকাল থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন রোগী ও তাদের স্বজনরা।হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন জানান, আশপাশের এলাকা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। তুলনামূলক কম খরচে চিকিৎসা সেবা পাওয়া যায় বলে এই হাসপাতালে রোগীর চাপ সব সময়ই বেশি থাকে।এদিকে হাসপাতালের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে কর্মরত স্টাফদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করছেন বলেও জানা যায়।স্থানীয়দের মতে, টঙ্গী ও আশপাশের এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় এই হাসপাতালটি সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের সেবার পরিধি বৃদ্ধি এবং ব্যবস্থাপনা আরও উন্নত করা জরুরি বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *